কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি : July 01, 2026

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।

বুধবার (১ জুলাই) আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩০ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তিনি জানতে পারেন যে, মথুরেশপুর ইউনিয়নে জামায়াত সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী খায়রুল বাসা উপজেলা নির্বাহী কর্মকর্তা, কালিগঞ্জ বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

তিনি দাবি করেন, ওই অভিযোগে তারসহ কয়েকজন নিরীহ ব্যক্তির বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, তারা কোনো ধরনের জালিয়াতি, ষড়যন্ত্র বা অপপ্রচারের সঙ্গে জড়িত নন। অভিযোগে উত্থাপিত প্রতিটি বিষয় নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে যাচাই করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ভিত্তিহীন এসব অভিযোগের কারণে সংশ্লিষ্ট ব্যক্তি, তাদের পরিবার এবং ব্যবসায়িক ও সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি স্থানীয় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং তাদের সম্মানহানির আশঙ্কাও তৈরি হয়েছে।

বক্তারা বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ আনার আগে নির্ভরযোগ্য প্রমাণ থাকা প্রয়োজন। তাই তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।

তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। অন্যদিকে অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হলে সম্মানহানির বিষয়টি বিবেচনায় নিয়ে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংবাদমাধ্যমের প্রতিও নিরপেক্ষভাবে বিষয়টি তুলে ধরার আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রশাসনের প্রতি প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং আইনের শাসনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন শেখ আব্দুর রব, শেখ ওয়াহিদুজ্জামান, মো. রিপনুজ্জামান রিপন ও মাহবুবর রহমান।

Share This