জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেছেন, ঢাকা শহরে দেশের মোট জনসংখ্যার ন্যূনতম অংশ বাস করে তবুও রাজধানী ঢাকায় ক্রিটিক্যাল কেয়ার বা নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) সুবিধা ৮০ থেকে ৯০ শতাংশই। বিভিন্ন গ্রামে ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসা ব্যবস্থা একেবারেই অপ্রতুল।
বুধবার (১ জুলাই) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত 'জাতীয় কনফারেন্স' নামক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কেউ গুরুতর অসুস্থ হলে কীভাবে তাকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া যাবে? নবজাতক শিশু, অন্তঃসত্ত্বা মা, নিউমোনিয়া বা স্ট্রোকে আক্রান্ত বয়োবৃদ্ধ, কিংবা সড়ক দুর্ঘটনায় আহত তরুণ—ক্রিটিক্যাল কেয়ার সুবিধার অভাবে তাদের অনেকেই অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন।