বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী মরক্কো

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী মরক্কো

নিজস্ব প্রতিবেদক : July 01, 2026

বাংলাদেশে নবনিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বৌথাইনা এল কেরদৌদি এল কৌলালি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (১ জুলাই) অনুষ্ঠিত সাক্ষাতে বাংলাদেশ ও মরক্কোর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে নবনিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ শিল্প, তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, সামুদ্রিক খাত, জাহাজ নির্মাণ শিল্প এবং জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

 

মরক্কোর রাষ্ট্রদূত বলেন, আফ্রিকা ও ইউরোপের বাজারে প্রবেশের ক্ষেত্রে মরক্কো একটি গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র।

তিনি বিশেষ করে বস্ত্র, ওষুধ শিল্প এবং সামুদ্রিক খাতে বাংলাদেশ ও মরক্কোর মধ্যে যৌথ বিনিয়োগ ও যৌথ উদ্যোগ (জয়েন্ট ভেঞ্চার) গড়ে তোলার প্রস্তাব দেন।

 

তিনি আরও জানান, দক্ষ ও অর্ধদক্ষ জনশক্তি নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণে মরক্কো প্রতিশ্রুতিবদ্ধ।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময় জোরদার, পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তির সম্ভাবনা এবং নিয়মিত দ্বিপাক্ষিক সংলাপ ও উচ্চপর্যায়ের সফর বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-মরক্কো অংশীদারিত্বকে আরও গভীর ও বহুমাত্রিক পর্যায়ে উন্নীত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share This