প্রতিবন্ধী শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক সাঁতার শিক্ষা নিয়ে কর্মশালা

প্রতিবন্ধী শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক সাঁতার শিক্ষা নিয়ে কর্মশালা

কক্সবাজার প্রতিনিধি : May 17, 2026

প্রতিবন্ধী শিশুদের জীবন রক্ষাকারী সাঁতার কার্যক্রমে অন্তর্ভুক্ত করার উপযোগী কৌশল নির্ধারণে দুই দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালা ১৬ ও ১৭ মে কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

“সুইমসেফ জীবনের জন্য সাঁতার” কার্যক্রমের আওতায় আয়োজিত কর্মশালায় সিআইপিআরবি’র প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, ‘নিরাপদে ভাসা’ (Nirapode Bhasa) ও ‘সিসেইফ’ (SeaSafe) প্রকল্পের কর্মীরা অংশ নেন। কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন যুক্তরাজ্যের রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন (RNLI)-এর প্রতিনিধিরা।

কর্মশালায় শিশুদের পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সিআইপিআরবি উদ্ভাবিত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত সুইমসেফ মডেলে প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তির কার্যকর পদ্ধতি, কৌশল ও বাস্তবভিত্তিক উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা দলীয় কাজের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের জন্য সাঁতার শেখার কার্যক্রমকে আরও সহজ, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক করার বিভিন্ন পরিকল্পনা ও কৌশল নির্ধারণ করেন।

কর্মশালার দ্বিতীয় দিনে কক্সবাজার জেলার জেলা শিক্ষা কর্মকর্তা উপস্থিত ছিলেন। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পানির ঝুঁকি ও নিরাপদ থাকার বার্তা ছড়িয়ে দিতে শিক্ষা বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

কর্মশালার প্রধান সমন্বয়ক ও সিআইপিআরবি’র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. আমিনুর রহমান জানান, চলতি বছর ‘নিরাপদে ভাসা’ ও ‘সিসেইফ’ প্রকল্পের আওতায় প্রতিবন্ধী শিশুদের সাঁতার শেখানোর কাজে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় উপকরণ উন্নয়ন, প্রতিবন্ধিতা স্ক্রিনিং এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এদিকে, সিআইপিআরবি’র মানবসম্পদ ও প্রশাসন পরিচালক কর্ণেল ইমরান উল্লাহ সরকার (অব.) আশা প্রকাশ করে বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে পানিতে ডুবা প্রতিরোধ কার্যক্রমে সকল শিশুর সমান অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে এবং পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখবে।

Share This