সুশাসনের মাধ্যমেই গড়ে উঠবে মানবিক বাংলাদেশ: ডেপুটি স্পিকার

সুশাসনের মাধ্যমেই গড়ে উঠবে মানবিক বাংলাদেশ: ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক : May 17, 2026

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, সংসদীয় ককাস গঠন, মানসম্পন্ন শিক্ষা, সুশাসন এবং সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিতের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রোববার (১৭ মে) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের সঙ্গে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এর আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। একসঙ্গে কাজ করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন তারা।

সংসদ সদস্য হওয়ার আগেও সংখ্যালঘু, মানবাধিকার ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করার অভিজ্ঞতা ব্যক্ত করে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এর ফলশ্রুতিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গারো ও হাজং সম্প্রদায় দ্ব্যর্থহীনভাবে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করেছে। এই প্রান্তিক সম্প্রদায়গুলোকে মূলধারার সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে তাদের দুর্দশা লাঘবের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

ওয়েস্টমিনিস্টার পদ্ধতির সংসদে সংসদীয় ককাসের গুরুত্ব তুলে ধরে তিনি উল্লেখ করে বলেন, এসডিজির লক্ষ্যগুলো অর্জনে আগ্রহী সংসদ-সদস্যদের সমন্বয়ে ককাস গঠনের মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বর্তমান সংসদের তরুণ সংসদ-সদস্যরা উন্নত বাংলাদেশ বিনির্মাণে সর্বদা কাজ করে যাচ্ছেন।

নাগরিক প্ল্যাটফর্মের প্রতিনিধিদল জানান, তাদের এই প্ল্যাটফর্মটি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিসহ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে সংশ্লিষ্ট অংশীজনদের কার্যক্রম পরিচালনায় নিরলস সহায়তা দিয়ে আসছে। এ সময় তারা একটি স্বাধীন সংসদীয় ককাস গঠনের প্রয়োজনীয়তার ওপর বিশেষ জোর দেন। আলোচনায় উভয়পক্ষই দেশের মানসম্পন্ন শিক্ষা, জনসেবা, সুশাসন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা ও উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ও নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপ সদস্য ড. ইফতেখারুজ্জামান, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, উইম্যান উইথ ডিজঅ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (ডব্লিউডিডিএফ) নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি, নাগরিক প্ল্যাটফর্মের নেটওয়ার্ক ফোকাল পয়েন্ট তারান্নুম জিনান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Share This