ভোলার তজুমদ্দিনে অভিযান চালিয়ে ১টি দেশীয় পাইপ গান, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ২টি রকেট ফ্লেয়ারসহ এক কুখ্যাত ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৮ মে) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২৭ মে) রাত ১১টা থেকে বৃহস্পতিবার (২৮ মে) রাত ১টা পর্যন্ত ভোলার তজুমদ্দিন থানার মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট তজুমদ্দিন।
অভিযান চলাকালে এলাকার চিহ্নিত ডাকাত ফেরদৌস ওরফে হেজু ডাকাতের বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় পাইপ গান, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ২টি রকেট ফ্লেয়ার উদ্ধার করা হয়। এ সময় কুখ্যাত ডাকাত ফেরদৌস ওরফে হেজু ডাকাতকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, এর আগেও গত ২৭ মার্চ ২০২৫ সালে অস্ত্রসহ তাকে আটক করা হয়েছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।