ঈদেও সীমান্তে সতর্ক বিজিবি, জোরদার টহল

ঈদেও সীমান্তে সতর্ক বিজিবি, জোরদার টহল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : May 28, 2026

ঈদুল আজহার দিনেও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ পুশইন, কোরবানির পশুর চামড়া পাচার, মাদক ও অন্যান্য পণ্য চোরাচালান ঠেকাতে সীমান্তজুড়ে জোরদার করা হয়েছে টহল কার্যক্রম।

 

বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ। তিনি সীমান্তে দায়িত্বরত সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

 

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, বিজয়নগর ও কসবা উপজেলার প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত ভারতের সঙ্গে সংযুক্ত। প্রতি বছর ঈদুল আজহাকে কেন্দ্র করে এসব সীমান্ত দিয়ে কোরবানির পশুর চামড়া ভারতে পাচারের চেষ্টা চালায় চোরাকারবারিরা। এ কারণে সীমান্তে নজরদারি আরও বাড়িয়েছে বিজিবি।

 

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, “অবৈধভাবে যেন ভারত থেকে পুশইন না করা হয় এবং কোরবানির পশুর চামড়া পাচার, মাদক ও অন্যান্য পণ্য চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। ঈদের দিনেও বিজিবি সদস্যরা বিরামহীনভাবে দায়িত্ব পালন করছেন।”

 

তিনি আরও বলেন, “মানুষ যেন নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত থাকে, সেজন্য টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।”

 

এদিকে ঈদ শেষে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

Share This