খুলনা শহরের পশ্চিম টুটপাড়ায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাবিব লাইলী মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে মাসিক সেরা পুরস্কার প্রদান অনুষ্ঠান। শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানটি উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব আরিফুর রহমান রুমি। তিনি কৃতি শিক্ষার্থী ও দায়িত্বশীল শিক্ষকদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে মাদ্রাসা প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
বক্তব্য প্রদানকালে চেয়ারম্যান আরিফুর রহমান রুমি বলেন, “বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় ও মূল্যবোধের সংকট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়, একজন শিক্ষার্থীকে নৈতিকতা, শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। মাদ্রাসা শিক্ষা একজন মানুষকে দ্বীনি জ্ঞান অর্জনের পাশাপাশি আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
তিনি আরও বলেন, “ভালো ফলাফল অর্জনের পাশাপাশি চরিত্র গঠন ও ইসলামী আদর্শ ধারণ করাই একজন শিক্ষার্থীর প্রকৃত সফলতা। ভবিষ্যৎ প্রজন্মকে দেশ, সমাজ ও মানবতার কল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে গড়ে উঠতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা হাবিব লাইলী মাদ্রাসার এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।