তরুণ প্রজন্মের অভিনেত্রী নায়িকা প্রিয়মনির ট্রাব বিজনেস অ্যাওয়ার্ড অর্জন!

তরুণ প্রজন্মের অভিনেত্রী নায়িকা প্রিয়মনির ট্রাব বিজনেস অ্যাওয়ার্ড অর্জন!

বিনোদন ডেস্ক : May 07, 2026

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) প্রদত্ত ‘ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছেন চিত্রনায়িকা প্রিয় মনি। প্রতিশ্রুতিশীল চিত্রনায়িকা ক্যাটাগরিতে তিনি এই সম্মাননা লাভ করেন।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সাবেক সভাপতি, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম এবং ট্রাব সভাপতি সালাম মাহমুদ তার হাতে সম্মাননা তুলে দেন।

দীর্ঘদিন পর নতুন উদ্যমে আলোচনায় আসা এই অভিনেত্রী সম্প্রতি ‘মেরিল-প্রথম আলো’ পুরস্কার আসরেও ভিন্ন লুকে উপস্থিত হয়ে দর্শকদের নজর কাড়েন। তার স্টাইল, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং অভিনয় দক্ষতা মিলিয়ে আবারও নিজেকে নতুনভাবে উপস্থাপনের ইঙ্গিত দিচ্ছেন তিনি।

অনুষ্ঠানে কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, বরেণ্য সঙ্গীতশিল্পী বশির আহমেদ (মরণোত্তর) এবং দেশবরেণ্য রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী-কে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে আরও বেশ কয়েকজন তারকা ও বিশিষ্টজনকে এই অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।

পুরস্কার প্রাপ্তির মাধ্যমে প্রিয় মনি-র ক্যারিয়ারে নতুন এক মাইলফলক যুক্ত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তার অভিনয় দক্ষতা, পরিশ্রম এবং নিজস্ব স্টাইলের কারণে তিনি ধীরে ধীরে দর্শকমহলে নিজের অবস্থান শক্ত করছেন।

Share This