সাতক্ষীরার এডিসির অপসারণ দাবিতে আইনজীবীদের মানববন্ধন

সাতক্ষীরার এডিসির অপসারণ দাবিতে আইনজীবীদের মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি : October 28, 2026

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) রিপন কুমার বিশ্বাসের বিরুদ্ধে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আকরাম আলীকে মারধর ও লাঞ্ছিত করা এবং আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট মো. নুরুল আমিনকে কক্ষে আটকে রাখার অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাতক্ষীরা জেলা ইউনিটের নেতারা। মানববন্ধন থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে অপসারণের দাবি জানানো হয়। অন্যথায় লাগাতার আন্দোলনের ঘোষণা দেন তাঁরা।

 

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলী।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ১ অক্টোবর জেনারেল সার্টিফিকেট আদালতে সি.সি. মামলা নং ১৭৫/২৬-এর শুনানিকে কেন্দ্র করে ম্যাজিস্ট্রেটের কক্ষে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আকরাম আলীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এডিসি রিপন কুমার বিশ্বাস। একপর্যায়ে তাঁর গলার টাই ধরে মারধর ও লাঞ্ছিত করা হয় বলে দাবি করেন তাঁরা।

 

বক্তাদের অভিযোগ, ঘটনার সমাধানের উদ্দেশ্যে গত ২৬ অক্টোবর সকাল ১০টা ৪০ মিনিটে এডিসির আমন্ত্রণে তাঁর কক্ষে যান আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট মো. নুরুল আমিন। সেখানে কথোপকথনের একপর্যায়ে তাঁকে প্রায় ৪৫ মিনিট আটকে রাখা হয়।

 

অ্যাডভোকেট নুরুল আমিন তাঁর বক্তব্যে একটি অর্পিত সম্পত্তিসংক্রান্ত মামলার প্রসঙ্গ তুলে বলেন, ৮০৯/২০১২ নম্বর মামলাটির রায় ২০২৩ সালের ১৮ এপ্রিল এবং ডিক্রি ২৪ এপ্রিল হয়। ২০২৫ সালের ৪ মে তিনি মামলাটির দায়িত্ব পান। তাঁর দাবি, পূর্ববর্তী আইনজীবী নির্ধারিত সময়ে আপিল না করায় তামাদিসংক্রান্ত জটিলতা তৈরি হয়। এ বিষয়ে তাঁকে যথাযথভাবে অবহিত করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

 

বক্তারা আরও দাবি করেন, এডিসি এর আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে আইনজীবীদের সঙ্গে বিরোধের জেরে তিনবার আদালত বর্জনের ঘটনা ঘটেছে। এ ছাড়া একাধিক আইনজীবী তাঁর অসৌজন্যমূলক আচরণের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তাঁরা।

 

তবে এসব অভিযোগের বিষয়ে এডিসি রিপন কুমার বিশ্বাসের বক্তব্য পাওয়া যায়নি।

 

মানববন্ধনে অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু, অ্যাডভোকেট ইব্রাহিম, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, অ্যাডভোকেট হেলালুজ্জামান, অ্যাডভোকেট জাকির, অ্যাডভোকেট শাহাজান, অ্যাডভোকেট জগলুসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

 

মানববন্ধন থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এডিসিকে অপসারণের দাবি জানিয়ে বক্তারা বলেন, দাবি পূরণ না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদনসহ লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।

Share This