দেশের কিংবদন্তি সাঁতারু মাস্টার ওয়ারেন্ট অফিসার (অব.) মো. মনির হোসাইন ফকিরের অসামান্য অবদানকে সম্মান জানিয়ে প্রতিষ্ঠিত ‘সাঁতারু মনির ফকির সুইমিং কমপ্লেক্স’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমপ্লেক্সটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তা, ক্রীড়াবিদ, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই সুইমিং কমপ্লেক্স দেশের সাঁতার প্রশিক্ষণের মানোন্নয়ন, নতুন প্রতিভা বিকাশ এবং আন্তর্জাতিক মানের সাঁতারু তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি দেশের জলক্রীড়ার উন্নয়ন ও সাঁতারকে আরও জনপ্রিয় করে তুলতে কার্যকর অবদান রাখবে।
বাংলাদেশের সাঁতার অঙ্গনে মনির হোসাইন ফকিরের দীর্ঘদিনের অবদানকে স্মরণীয় করে রাখতে তাঁর নামেই এই সুইমিং কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, নতুন এই স্থাপনা ভবিষ্যৎ প্রজন্মের সাঁতারুদের জন্য একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণকেন্দ্র হিসেবে গড়ে উঠবে।