পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজার ষষ্ঠ তলায় একটি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেয় ফায়ার সার্ভিস।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের পাশাপাশি প্রায় ১২৫ থেকে ১৫০ জন সদস্য কাজ করেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তবে এখনো ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। পোড়া মালামাল ও ধ্বংসস্তূপের ভেতরে লুকিয়ে থাকা আগুন খুঁজে বের করে নেভানোর চেষ্টা চলছে।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
তিনি জানান, এ ধরনের অগ্নিকাণ্ডে আগুন নিয়ন্ত্রণে আসার পরও ভেতরে লুকিয়ে থাকা আগুন থেকে পুনরায় অগ্নিকাণ্ডের ঝুঁকি থাকে।
এ কারণে আগুন নিয়ন্ত্রণে আসার পরও ফায়ার সার্ভিসের সদস্যরা পোড়া মালামালের স্তূপ সরিয়ে বিভিন্ন স্থানে তল্লাশি করেন। কোথাও ধিকিধিকি আগুন বা অতিরিক্ত তাপ পাওয়া গেলে তা নিভিয়ে ফেলা হয়।
ড্যাম্পিংয়ের এ কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যেতে পারে। এ প্রক্রিয়ায় আগুন পুরোপুরি নিভেছে কি না, তা নিশ্চিত করতে পোড়া মালামাল সরিয়ে বিভিন্ন স্থানে পরীক্ষা করা হয়।
অন্যদিকে, সোমবার মধ্যরাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশন ও মেইনটেন্যান্স শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান বলেন, আগুন নেভানোর কাজে ১২টি ইউনিটের পাশাপাশি প্রায় ১৫০ জন ফায়ার ফাইটার কাজ করছেন। তাঁদের সঙ্গে স্বেচ্ছাসেবক ও স্থানীয় লোকজনও সহযোগিতা করছেন।
তিনি বলেন, পুরান ঢাকার সরু গলি ও ঘনবসতিপূর্ণ ভবনের কারণে অগ্নিনির্বাপণ কার্যক্রমে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়। অনেক জায়গায় পানিবাহী গাড়ি নিয়ে সরাসরি ঘটনাস্থলে প্রবেশ করা সম্ভব হয় না।
এদিকে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুকের ভাষ্য অনুযায়ী, আগুন লাগা গোডাউনে শিশুদের খেলনা, বিভিন্ন ধরনের খেলনাসামগ্রী, কসমেটিকস ও ব্যাগ ছিল। এর মধ্যে শিশুদের কাছে জনপ্রিয় ‘ক্লে’ খেলনাও ছিল বলে জানা গেছে।
আগুন নেভানোর সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ফায়ার সার্ভিসের তিন সদস্য। তাঁরা হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। এ ছাড়া পড়ে গিয়ে আহত হন আরও একজন ফায়ার সার্ভিস সদস্য।
উল্লেখ্য, সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটে চকবাজারের ছোট কাটারা এলাকায় এসি মসজিদের পাশে মনজুর খান প্লাজার ষষ্ঠ তলার একটি গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে আগুনের ভয়াবহতা বিবেচনায় ইউনিট ও সদস্যসংখ্যা বাড়ানো হয়। দীর্ঘ সময়ের চেষ্টায় মঙ্গলবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে।