ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : October 13, 2026

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ‘বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কেউ এ ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলে, তা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সরকারের কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

জাহেদ উর রহমান বলেন, ‘বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন ড. ইউনূস। সেখানে বিমানবন্দরে তাকে হেনস্তার চেষ্টা করা হয়েছে। তার অপরাধ হচ্ছে—শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিন রাষ্ট্রের দায়িত্ব কেন নিয়েছেন।

 

ড. ইউনূসের সরকারের কার্যক্রম নিয়ে যৌক্তিক সমালোচনা থাকতে পারে। আমরা এ দেশে বসে অনেকেই সমালোচনা করেছি। কিন্তু এ ধরনের হেনস্তা গ্রহণযোগ্য নয়।’

 

তথ্য উপদেষ্টা বলেন, ‘একই ধরনের আচরণের চেষ্টা করা হয়েছে সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর (প্রতিমন্ত্রী) ক্ষেত্রেও।

 

জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করা একজন অভিনেত্রীও হেনস্তার শিকার হয়েছেন। অন্তর্বর্তী সরকারের সময় আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিও এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এসব ঘটনাকে সরকার আওয়ামী লীগের সন্ত্রাস হিসেবে দেখছে।’

এই উপদেষ্টা বলেন, ‘ওই অভিনেত্রীর ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ড. ইউনূসের ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

সাবেক প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের যে মর্যাদা (ভিভিআইপি) পাওয়ার কথা, যুক্তরাষ্ট্রে তার নিরাপত্তা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোনো ঘাটতি ছিল কি না, তা সরকার খতিয়ে দেখবে।’

 

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন, যে দলটি দেশ ও দেশের বাইরে নানা রকম সন্ত্রাস ও সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করে, সেখানে রিকনসিলিয়েশনের ব্যাপারে সরকারের যা বোঝার বোঝা হয়ে গেছে। আজকে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, এটা খুব স্পষ্ট, কোনো রিকনসিলিয়েশনের সম্ভাবনা নেই। ন্যূনতম কোনো সম্ভাবনাও যদি থাকত, সেটা আওয়ামী লীগকে তার জায়গা থেকে বলার কথা ছিল।

তিনি আরো বলেন, যারা মারাত্মক ফৌজদারি অপরাধ করেছে, তাদের বিচার তো হতেই হবে।

তথ্য উপদেষ্টা বলেন, একটা দল মানবতাবিরোধী অপরাধ করে চলে গেছে, তার জায়গা থেকে এখন পর্যন্ত ক্ষমা চাওয়া বা অনুতাপ তো দূরে থাকুক, উল্টো তারা নানা সংকট তৈরির চেষ্টা করছেন, হুমকি দিচ্ছে, সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করছে। 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে জাহেদ উর রহমান বলেন, তাকে ফিরিয়ে দিতে ইতোমধ্যে ভারতকে বলা হয়েছে। শেখ হাসিনা যদি আসেন, তাহলে তো সমস্যা নেই। কারণ শেখ হাসিনা যে অপরাধ করেছেন, ন্যায়বিচারের স্বার্থে তার বিচার হওয়া উচিত।

Share This