সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের অবস্থান কর্মসূচি

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের অবস্থান কর্মসূচি

সাতক্ষীরা প্রতিনিধি : August 18, 2026

বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আলহাজ্ব এম এ রশিদ ও মহাসচিব কে এস হোসেন টমাসের নির্দেশনায় সাতক্ষীরায় ৭ দফা দাবি আদায়ে স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালন করেছেন দলিল লেখকরা।

 

মঙ্গলবার (১৮ আগস্ট) সারাদেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা দলিল লেখক সমিতির উদ্যোগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। জেলার বিভিন্ন উপজেলার দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ এতে অংশ নেন।

 

স্মারকলিপিতে দলিল লেখকদের দীর্ঘদিনের ৭ দফা দাবি বাস্তবায়নের পাশাপাশি ‘আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না’—মর্মে প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়।

 

স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন দলিল লেখকরা। এ সময় বক্তারা বলেন, আধুনিকায়নের নামে দলিল লেখকদের ঐতিহ্যবাহী পেশা থেকে বিতাড়িত করার কোনো উদ্যোগ নেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। দলিল লেখকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নিয়ে তাদের ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

 

অবস্থান কর্মসূচিতে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলার দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Share This