বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে আগ্রহী: ডেপুটি স্পিকার

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে আগ্রহী: ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক : October 15, 2026

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা হয়।

ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি বসবাস করেন। তিনি দুই দেশের জনগণের কল্যাণে, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি টাওয়ার হ্যামলেটসের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

স্পিকার মোস্তাক আহমেদ বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সুসম্পর্কের কথা উল্লেখ করে বলেন, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধন আরও সুদৃঢ় হবে। সাক্ষাৎকালে মোস্তাক আহমেদের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের দুই প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Share This