হাইতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সের (জিএসএফ) মিশনে অংশ নিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের একটি অগ্রবর্তী দল দেশ ছেড়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্টের অগ্রবর্তী দলের সদস্যরা হাইতির উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন।
হাইতিতে যাওয়ার আগে বৃহস্পতিবার সকালে সেনাসদরে গমনকারী সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান, ওএসপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি। এ সময় তিনি মিশন এলাকায় দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও নিরাপত্তা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সেনাসদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অব্যাহত অবদান এবং বিশ্বশান্তির প্রতি দৃঢ় অঙ্গীকারের অংশ হিসেবে এ মোতায়েনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
শান্তি, পেশাদারিত্ব ও অদম্য সাহসের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গৌরবময় প্রতিনিধিত্বে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।