সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও তাঁদের নিকটাত্মীয়দের সংবর্ধনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই অনুষ্ঠানে শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ২৪ জন সেনাসদস্যকে পদক প্রদান করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ সংবর্ধনা ও পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সেনাপ্রধান খেতাবপ্রাপ্ত ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাঁদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় ২০২৬-২০২৭ অর্থবছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২৪ জন সেনাসদস্যের হাতে পদক তুলে দেন তিনি।
পদকপ্রাপ্তদের মধ্যে ৭ জন সেনাবাহিনী পদক (এসবিপি), ৪ জন অসামান্য সেবা পদক (ওএসপি) এবং ১৩ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি) পেয়েছেন।
অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের বীরত্বগাথা এবং শান্তিকালীন সময়ে পদকপ্রাপ্ত সেনাসদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়।
দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের অসামান্য অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর সেনাসদরের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য, তাঁদের নিকটাত্মীয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।