গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের!

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের!

গাজীপুর প্রতিনিধি : November 23, 2026

গাজীপুরের শ্রীপুরে বেতন বাড়ানোর দাবিতে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকরা। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে টিয়ারশেল ও সাউন্ড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।

 

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবরোধ করেন শ্রমিকরা।

 

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সোমবার সকালে যথারীতি কাজে যোগ দেওয়ার জন্য শ্রীপুরে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় যান শ্রমিকরা। তবে তারা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। পরিস্থিতি বিবেচনায় ৮ থেকে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটি পেয়ে বেশিরভাগ কারখানার শ্রমিকরা বাড়িতে চলে যান। তবে সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর-গড়গড়িয়া মাস্টারবাড়ি সড়ক থেকে কয়েকশ শ্রমিক লাঠিসোঁটা হাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় যান চলাচল বন্ধ করে দেন। এসময় দায়িত্বরত আনসার সদস্য, গাজীপুর শিল্প পুলিশ, গাজীপুর জেলা পুলিশ তাদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। তারা অনুরোধ উপেক্ষা করে মহাসড়কে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়েন।

 

এসময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক সরিয়ে দেয়। এসময় শ্রমিকরা মহাসড়কের আশপাশের গলিতে অবস্থান নিয়ে ফের পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়লে পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। পরে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করতে থাকেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। মহাসড়কে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

Share This