পটুয়াখালীতে মায়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ২ কোটি টাকা মূল্যের ২৪ হাজার ৬৩০ কেজি সুপারি জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় জড়িত থাকার অভিযোগে ৬ পাচারকারীকে আটক করা হয়েছে।
সোমবার (১৮ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গত শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে পটুয়াখালী সদর থানার হেতালিয়া বাঁধঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক ৪টি ট্রাকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমার থেকে আনা প্রায় ১ কোটি ৯৭ লাখ ৪ হাজার টাকা মূল্যের ২৪ হাজার ৬৩০ কেজি সুপারি উদ্ধার করা হয়।
এ ঘটনায় ৬ জন পাচারকারীকে আটক করা হয়েছে। এছাড়া সুপারি বহনে ব্যবহৃত ট্রাকগুলোও জব্দ করা হয়।
পরে জব্দকৃত সুপারি, ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, অবৈধ চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।