আইজিপির সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আইজিপির সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : November 12, 2026

আইজিপি আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদী। 

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং উভয় দেশের পুলিশ ও নিরাপত্তা সংস্থার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

 

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতকরণ, মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ ছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ, সাইবার ক্রাইম ও ডিজিটাল ফরেনসিক তদন্ত এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সভিত্তিক স্মার্ট পুলিশিং ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

আইজিপি আন্তঃদেশীয় অপরাধ দমন ও প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Share This