চুক্তি না হলে নতুন বছরে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। পরোক্ষ আলোচনা চলমান থাকলেও তেহরানের অবস্থানের কড়া সমালোচনা করে ট্রাম্প জানিয়েছেন, নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করলে ইরানি জাহাজ ডুবিয়ে দেওয়া হবে।
রবিবার (২২ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চলছে, তবে আলোচনার অগ্রগতি না হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন।
প্রতিবেদন অনুযায়ী, ইরানি আলোচকদের ‘পেশাদার ট্যাপ ড্যান্সার’ হিসেবে অভিহিত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা সব সময় কথা বলে। তারা শুধু কথাই বলে যায়, কিন্তু সবই ভাওতাবাজি।
হরমুজ প্রণালীতে তীব্র উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য এল। সেখানে ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ-অবরোধ সত্ত্বেও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা চলমান।
‘তেহরান এই অবরোধ পরীক্ষা করে দেখতে পারে’ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের বিষয়ে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, অবরোধ অতিক্রমের চেষ্টা করা হলে ইরানি জাহাজগুলোতে হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়া হবে।
তিনি ইঙ্গিত দেন যে, অবরোধ ভাঙার চেষ্টা করলে মার্কিন বাহিনী ওই জাহাজগুলোর ওপর সরাসরি গুলিবর্ষণ করবে।
ফক্স নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, ইরানে নতুন করে শুরু হওয়া বিক্ষোভের ভিডিও দেখার পর দেশটির সরকারবিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিয়েছেন ট্রাম্প।
হরমুজ প্রণালীর কাছে বাণিজ্যিক জাহাজে ইরানের নতুন হামলা এবং বাহরাইনে মার্কিন বাহিনীর ওপর আঘাতের খবরের পরই ট্রাম্পের এমন মন্তব্য সামনে এল।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকেই ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। এর জবাবে তেহরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।
বৈরিতা অবসানে ওয়াশিংটন-তেহরান গত জুনে একটি রূপরেখা চুক্তিতে স্বাক্ষর করে এবং আলোচনা শুরু করে। তবে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ নৌচলাচল কীভাবে নিশ্চিত করা হবে, তা নিয়ে মতবিরোধের জেরে পড়ে সেই আলোচনা স্থবির হয়ে পড়ে। যুদ্ধ বন্ধে চলমান প্রচেষ্টার মধ্যেও গত জুলাই থেকে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে সংঘাত চলছে।