ইসরাইলি ড্রোন হামলায় লেবাননে নিহত শুভ দাসের মরদেহ বাড়িতে পৌঁছেছে

ইসরাইলি ড্রোন হামলায় লেবাননে নিহত শুভ দাসের মরদেহ বাড়িতে পৌঁছেছে

সাতক্ষিরা প্রতিনিধি : September 06, 2026

ইসরাইলি ড্রোন হামলায় লেবাননে নিহত সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের শুভ দাসের মরদেহ দেশে পৌঁছেছে। 

রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মরদেহটি তার নিজ বাড়িতে আনা হয়।

শুভর মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজন ও পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। খবর পেয়ে আশপাশের গ্রামের মানুষও বাড়িতে ছুটে আসেন। এ সময় পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১১ মে লেবাননের দক্ষিণাঞ্চলের একটি সংঘাতপূর্ণ এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত হন শুভ দাস। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। হতদরিদ্র পরিবারের সন্তান শুভ জীবিকার সন্ধানে প্রায় আড়াই বছর আগে লেবাননে পাড়ি জমান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের খুলনা বিভাগীয় কার্যালয়ের কাউন্সিলর মইন উদ্দীন জানান, সরকারের পক্ষ থেকে শুভর পরিবারকে ৮৫ হাজার টাকার একটি চেক দেওয়া হয়েছে। চলতি মাসে আরও ৩ লাখ টাকা এবং কয়েক মাস পর জীবনবীমার আওতায় আরও আর্থিক সহায়তা পাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় সাতক্ষীরার তিনজন নিহত হন। তাদের মধ্যে শুভ দাসের বাড়ি কলারোয়া উপজেলায়। নিহত অপর দুজন হলেন আশাশুনি উপজেলার নাহিদুল এবং সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর এলাকার শফিকুল ইসলাম। তাদের মরদেহ আগেই নিজ নিজ বাড়িতে পৌঁছেছে।

Share This