ডেঙ্গু ও জলাবদ্ধতা মোকাবিলায় ঢাকার ২০ জোনে বিশেষ কমিটি গঠন

ডেঙ্গু ও জলাবদ্ধতা মোকাবিলায় ঢাকার ২০ জোনে বিশেষ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : October 18, 2026

ঢাকার জলাবদ্ধতা নিরসন, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২০টি জোনে বিশেষ তদারকি কমিটি গঠন করা হচ্ছে। এসব কমিটির নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা।পাশাপাশি কমিটিগুলোর কার্যক্রম সমন্বয় ও তদারকির জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে গঠন করা হবে একটি উচ্চপর্যায়ের মনিটরিং কমিটি।

 

রবিবার (১৮ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অনুশাসন অনুযায়ী রাজধানীর জলাবদ্ধতা নিরসন, মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং খালের সীমানা নির্ধারণ ও পুনঃখননের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এসব কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি আনতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয়কে কেন্দ্র করে ১০টি করে মোট ২০টি জোনাল কমিটি গঠন করা হবে। এসব কমিটিতে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, ঢাকা ওয়াসা, মহানগর পুলিশ এবং দুই সিটি করপোরেশনের প্রকৌশল, বর্জ্য ব্যবস্থাপনা ও মেডিক্যাল উইংয়ের প্রতিনিধিরা থাকবেন।আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের পাশাপাশি কমিটিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটও যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

 

কমিটিগুলোর দায়িত্ব হবে সংশ্লিষ্ট এলাকায় সরেজমিনে তদারকি করে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা, খালের সীমানা চিহ্নিত করা এবং খননকাজ এগিয়ে নেওয়া। একই সঙ্গে মশক নিধন কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিশ্চিত করবেন তারা।

২০টি জোনাল কমিটির কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য গঠিতব্য উচ্চপর্যায়ের মনিটরিং কমিটিতে স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, যুগ্ম সচিব, সিটি করপোরেশনের অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তা এবং ঢাকা ওয়াসা, স্বাস্থ্যসেবা বিভাগ ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন।

সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানসহ প্রধানমন্ত্রীর কার্যালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, ঢাকা ওয়াসা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share This