দুর্গাপূজায় ১ হাজার ৮৪১ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে

দুর্গাপূজায় ১ হাজার ৮৪১ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : October 20, 2026

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের ১ হাজার ৮৪১টি পূজামণ্ডপে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি-১০)।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিক ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান।

তিনি জানান, পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় ১৫টি পিকআপ প্যাট্রল, ২৮টি মোটরসাইকেল টহল, সাদা পোশাকের সদস্য, প্রশিক্ষিত কমান্ডো, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ড্রোন টিম মোতায়েন করা হয়েছে।

এসআরবি-১০ জানায়, দুর্গাপূজা ঘিরে ইতিমধ্যে বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তাদল মোতায়েনের পাশাপাশি টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের চলাচলের ওপর নজরদারি রাখা হচ্ছে।যে কোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি পূজামণ্ডপ সংলগ্ন এলাকায় কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

 

প্রতিমা বিসর্জনের দিন নৌ-টহল পরিচালনা করা হবে জানিয়ে এসআরবি-১০ জানায়, সম্ভাব্য হুমকি শনাক্ত ও মোকাবেলায় স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে গোয়েন্দা শাখা। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, সাম্প্রদায়িক উসকানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে—এমন কর্মকাণ্ড প্রতিরোধে সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক নজরদারি করছে।

Share This