সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন গ্রেফতার

সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : November 20, 2026

চট্টগ্রামের আলোচিত শিল্পপ্রতিষ্ঠান সাদ-মুসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা-পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মহসিনের বিরুদ্ধে সাত থেকে আটটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আগ্রাবাদ এলাকায় অবস্থান করছেন, এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর মহসিনকে থানায় নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর গ্রেপ্তারি পরোয়ানা যাচাইসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

চট্টগ্রামের পোশাক ও বস্ত্র শিল্প খাতের পরিচিত প্রতিষ্ঠান সাদ-মুসা গ্রুপ। ১৯৯৪ সালে মোহাম্মদ মহসিন গ্রুপটি প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে পোশাকশিল্পের বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ করে প্রতিষ্ঠানটি। একসময় গ্রুপটির অধীনে বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারী কাজ করতেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপি, চেক প্রত্যাখ্যান এবং অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটি আলোচনায় আসে।

আদালত সূত্রে জানা যায়, ন্যাশনাল ব্যাংকের আগ্রাবাদ শাখার পাঁচটি চেক প্রত্যাখ্যানের মামলায় গত বছরের ২৫ ফেব্রুয়ারি মহসিনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন চট্টগ্রামের দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালত। পাঁচটি মামলায় ব্যাংকটির পাওনা দাবির পরিমাণ ছিল ৫৫ কোটি ৯৪ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা। প্রতিটি মামলায় তাঁকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ওই দিন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তিনি জামিনে মুক্তি পান।

এর আগে, ২০২৪ সালের এপ্রিলে ঋণখেলাপির মামলায় মহসিন ও তাঁর স্ত্রী শামীমা নারগিছ চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন চট্টগ্রামের অর্থঋণ আদালত। সে সময় আদালত-সংশ্লিষ্ট সূত্রে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাদ-মুসা গ্রুপের প্রায় তিন হাজার কোটি টাকার ঋণখেলাপির তথ্য উঠে আসে।

এ ছাড়া, ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে মহসিনসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে এ ঘটনায় মামলা করা হয়।

সর্বশেষ, ২০২৫ সালের মার্চে প্রাইম ব্যাংকের চট্টগ্রামের জুবিলী রোড শাখা থেকে ঋণ নিয়ে ৪৬ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মহসিনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

Share This

অস্ট্রেলিয়ার পথে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : November 20, 2026

সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : November 20, 2026

কাল থেকে মাঠে নামছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক : November 20, 2026