জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগে রিজভীর নিন্দা

জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগে রিজভীর নিন্দা

নিজস্ব প্রতিবেদক : October 14, 2026

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করার অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

বুধবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।

 

বিবৃতিতে রিজভী অভিযোগ করে বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ ড. ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার কারণেই ড. ইউনূসকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তার ভাষায়, এ ঘটনা ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রতিহিংসাপরায়ণ রাজনীতির বহিঃপ্রকাশ।

বিবৃতিতে রিজভী বলেন, আওয়ামী দুঃশাসনে দেশে ছিল গুম-খুন ও গুপ্তহত্যার এক অরাজক পরিস্থিতি। সেই অপশাসনের সহযোগী দুষ্কৃতকারীরা দেশে-বিদেশে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এবং তারাই ড. ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে। বিদেশের মাটিতে সংঘটিত এই অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের জনগণের মনে এই ধারণাকে আরো বেশি পাকাপোক্ত করলো, ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের দুর্বৃত্তপরায়ণ মনোভাব ও হিংসাশ্রয়ী আচরণের কোনো কমতি হয়নি।

তিনি বলেন, শেখ হাসিনার প্রতিহিংসার রাজনীতির ব্যাপ্তি এখনো আগের মতোই অব্যাহত।আর সে কারণেই তিনি নিজের কর্মীদের দেশে-বিদেশে উসকানি দিচ্ছেন এবং বাংলাদেশেও নানামুখী সন্ত্রাসী কর্মকাণ্ডকে মদদ দিচ্ছেন বলে বাংলাদেশের জনগণের কাছে তা প্রতিনিয়ত স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে।

 

রুহুল কবীর রিজভী বলেন, ‘আওয়ামী দুষ্কতকারীদের কর্তৃক জেএফকে বিমানবন্দরে ড. মোহাম্মদ ইউনূসের প্রতি অসৌজন্যমূলক আচরণের ঘটনায় আমি ধিক্কার ও তীব্র নিন্দা জানাচ্ছি।’

Share This