জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের দৌড়ে এগিয়ে রয়েছেন কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান। নির্বাচিত হলে তিনিই হবেন সংস্থাটির ইতিহাসে প্রথম নারী ও প্রথম ইহুদি মহাসচিব। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটোর আশঙ্কায় এখনো অনিশ্চয়তা কাটেনি তার প্রার্থিতা নিয়ে।
৭০ বছর বয়সী গ্রিনস্প্যান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক অনানুষ্ঠানিক ভোটে (স্ট্র পোল) অন্য প্রার্থীদের তুলনায় এগিয়ে রয়েছেন। তবে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্যের যেকোনো একটি দেশ তার বিরোধিতা করলে মহাসচিব হওয়ার পথ বন্ধ হয়ে যেতে পারে।
বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন আদায় করাকে তার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। কারণ, ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই জাতিসংঘের কাঠামো ও কার্যক্রমে বড় ধরনের সংস্কারের পক্ষে অবস্থান নিয়ে আসছে।
বর্তমানে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন গ্রিনস্প্যান। আগামী ৩১ ডিসেম্বর জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হওয়ার কথা। তার উত্তরসূরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট আটজন।
কূটনৈতিক অভিজ্ঞতা গ্রিনস্প্যানের অন্যতম শক্তি। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেও কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি সচল রাখতে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ওই চুক্তির আওতায় এক বছরে প্রায় ৩ কোটি ২০ লাখ টন শস্য রপ্তানি হয়েছিল।
তবে চুক্তি থেকে রাশিয়ার সরে যাওয়ার সমালোচনা করায় মস্কোর বিরোধিতার মুখে পড়তে পারেন তিনি। নিরাপত্তা পরিষদের গোপন ভোটের কারণে কোন স্থায়ী সদস্য তার প্রার্থিতার বিরোধিতা করছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতেও আলোচনায় রয়েছেন গ্রিনস্প্যান। পোলিশ ইহুদি শরণার্থী পরিবারের সন্তান এই কূটনীতিক গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তার নেতৃত্বে আঙ্কটাডের বিভিন্ন প্রতিবেদনে ফিলিস্তিনি অর্থনীতির ওপর ইসরায়েলি দখলদারত্ব ও বিধিনিষেধের প্রভাব তুলে ধরা হয়েছে।
বিশ্লেষকদের মতে, জাতিসংঘের অভ্যন্তরীণ কাঠামোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ায় ট্রাম্প প্রশাসনকে সংস্কারের বিষয়ে আশ্বস্ত করাই হবে গ্রিনস্প্যানের অন্যতম বড় পরীক্ষা। জাতিসংঘের সংস্কার নিয়ে তার পরিকল্পনা ওয়াশিংটনের প্রত্যাশার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তার ওপরই অনেকাংশে নির্ভর করছে তার প্রার্থিতার ভবিষ্যৎ।
গ্রিনস্প্যানের মতে, জাতিসংঘকে আরও সাহসী হতে হবে এবং পরিবর্তনের উদ্যোগ নিতে হবে। কূটনৈতিক আলোচনায় একাধিক উদ্যোগ ব্যর্থ হলেও বিশ্বশান্তি প্রতিষ্ঠার চেষ্টা থামানো উচিত নয় বলে মনে করেন তিনি।