মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২২ আগস্ট) সাভারের জাতীয় স্মৃতিসৌধে সকাল সাড়ে ১০টার দিকে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন।
স্মৃতিসৌধের শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করার পরে নবনির্বাচিত রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের অসামান্য অবদানের কথা স্মরণ করে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ছিলেন।
এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ দেন। একইসঙ্গে বিউগলে বাজানো হয় করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তিনি শুক্রবার বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।