নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এক মাসের বেতন প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির মন্ত্রীরা।
শুক্রবার (২৮ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ।
সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি সপ্তাহে নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির পর দুর্গত মানুষের পাশে দাঁড়াতে মন্ত্রীরা তাদের এক মাসের বেতন ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেন।
এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানের পুনর্বাসনে বিশেষ সহায়তা প্যাকেজ তৈরির নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
সরকার জানিয়েছে, নেপাল-চীন সীমান্তের রাসুওয়াগাধি, ভোতেকোশি নদীর আশপাশের এলাকা এবং এর নিম্নাঞ্চলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনকে অগ্রাধিকার দেওয়া হবে।
বন্যায় এসব এলাকায় ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও যোগাযোগ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এখন বিশেষ গুরুত্ব দিচ্ছে নেপাল সরকার।