অনলাইন জুয়ার অর্থ পাচার চক্রের সদস্য গ্রেপ্তার

অনলাইন জুয়ার অর্থ পাচার চক্রের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : November 17, 2026

অনলাইন জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে পাচারের অভিযোগে মো. আরাফাত হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার ছয়টি ব্যাংকের আটটি ব্যক্তিগত হিসাব অনলাইন জুয়ার ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থাকার তথ্য পেয়েছে সংস্থাটি।

 

সোমবার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে যশোর সদর থানার খোলাডাঙ্গা, আরবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার আরাফাত হোসেন ওই এলাকার মো. জামাল হোসেনের ছেলে। সিআইডির প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি নিজের নামে খোলা ব্যাংক হিসাব এবং মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ব্যবহার করে অনলাইন জুয়ার অর্থ জমা ও উত্তোলনের কার্যক্রম পরিচালনা করতেন। এ ছাড়া নিজের বোনের বিকাশ হিসাব ব্যবহার করেও এসব লেনদেন করার তথ্য পাওয়া গেছে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাইবার মনিটরিংয়ের মাধ্যমে দেশের ভেতরে ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন বেটিং ও জুয়ার ওয়েবসাইটের কার্যক্রম শনাক্ত করে সিআইডি। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এসব সাইটের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল। আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা এবং অনলাইন ক্যাসিনোকে কেন্দ্র করে অর্থের বিনিময়ে বেটিং কার্যক্রম পরিচালিত হতো।

 

তদন্তে জানা যায়, চক্রটি দেশের বিভিন্ন এলাকায় এজেন্ট নিয়োগ করে তাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংক হিসাব সংগ্রহ করত। এসব হিসাব ব্যবহার করে জুয়ার অর্থ জমা ও উত্তোলনের মাধ্যমে কমিশন আদায় করা হতো। পরে বিভিন্ন ব্যাংক হিসাব এবং ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ ডলারে রূপান্তর করে বিদেশে পাচার করা হতো বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

 

সিআইডি জানায়, আরাফাতের আটটি ব্যাংক হিসাবের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব লেনদেন থেকে কমিশন রেখে অবশিষ্ট অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করা হতো। পরবর্তী সময়ে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে তা বিদেশে পাঠানো হতো বলে অভিযোগ রয়েছে। বেকার হওয়া সত্ত্বেও তিনি এভাবে বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন বলে তদন্তে উঠে এসেছে।

 

এ ঘটনায় সিআইডির করা পল্টন থানার (ডিএমপি) মামলা নম্বর-২০, তারিখ ১৭ মে ২০২৬। সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২০(২), ২১(২), ২২(২), ২৪(২), ২৭(২) ও ২৯(২) ধারায় মামলাটি করা হয়।

 

সিআইডি আরও জানায়, একই মামলায় এর আগে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৭ জুন টাঙ্গাইল থেকে মো. সোলায়মান, মো. সাগর মিয়া ও মো. জুয়েল রানা; ১৬ জুন নরসিংদী ও নারায়ণগঞ্জ থেকে মো. রায়হান খান, মো. পাভেল রহমান ভূঁইয়া ও আবু জোবায়ের সানি; ১২ জুলাই নড়াইল থেকে মো. জসিম উদ্দীন ও সুমন রায়কে গ্রেপ্তার করা হয়।

 

এ ছাড়া ১৯ আগস্ট রাজশাহী ও ঝিনাইদহ থেকে সৈয়দ জামান ও রুহুল কুদ্দুস ওরফে বাপ্পী এবং ১৩ সেপ্টেম্বর টাঙ্গাইল থেকে বাবলু মিয়া, মো. মনির হোসেন, নূর সাফায়েত ইপ্তি ও শামীম আল মামুনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার আরাফাতকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। অনলাইন জুয়ার অর্থের অবৈধ লেনদেন, অর্থপাচার এবং এর সঙ্গে জড়িত দেশি-বিদেশি চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।

 

একই সঙ্গে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম থেকে বিরত থাকা এবং এ ধরনের চক্রের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

Share This