হত্যা মামলার প্রধান আসামি মালা আক্তার গ্রেফতার

হত্যা মামলার প্রধান আসামি মালা আক্তার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : July 28, 2026

রাজধানীর দারুস সালাম থানার মাজার রোড এলাকার বাতেন নগর থেকে মোহাম্মদপুর থানার আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মালা আক্তার ওরফে নদী (৩৩)-কে গ্রেফতার করেছে র‌্যাব-২।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে র‌্যাব-২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

র‌্যাব জানায়, গ্রেফতার মালা আক্তার নিহত এ কে এম মাহবুব মান্নানের (৫১) সাবেক স্ত্রী। পারিবারিক কলহের জেরে প্রায় ছয় মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের এক কন্যাসন্তান রয়েছে, যিনি বাবার কাছেই থাকতেন। মেয়েকে দেখতে মালা আক্তার প্রায়ই মাহবুব মান্নানের বাসায় যাতায়াত করতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ জুলাই ২০২৬ মেয়েকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মালা আক্তার ধারালো ছুরি দিয়ে মাহবুব মান্নানের বাম কাঁধে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আহত মাহবুব মান্নানের বোন বাদী হয়ে ৯ জুলাই মোহাম্মদপুর থানায় মালা আক্তারের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুলাই মাহবুব মান্নানের মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।

র‌্যাব-২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে দারুস সালাম থানার মাজার রোড এলাকার বাতেন নগরের সোনালী নীড় অ্যাপার্টমেন্টের সামনে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মালা আক্তার ওরফে নদীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share This