সাতক্ষীরায় হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল ফোন এবং বিকাশের মাধ্যমে প্রতারণার শিকার তিন ব্যক্তির ৩৮ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।
সোমবার (১৫ জুন) সাতক্ষীরা জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও অর্থ ভুক্তভোগীদের হাতে তুলে দেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের দক্ষ সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় চলতি বছরের জুন মাসের আগে হারিয়ে যাওয়া ২৪টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। একইসঙ্গে বিকাশের মাধ্যমে প্রতারণার শিকার তিন ভুক্তভোগীর কাছ থেকে হাতিয়ে নেওয়া ৩৮ হাজার টাকা উদ্ধার করে তাদের কাছে ফেরত দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সাতক্ষীরায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত খোয়া যাওয়া ১ হাজার ৭০৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের সাইবার প্রতারণায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রায় অর্ধকোটি টাকা উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আমিনূর রহমান, মিথুন সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও অর্থ ফেরত পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।