আইনমন্ত্রীর সঙ্গে সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিত কমিটির সাক্ষাৎ

আইনমন্ত্রীর সঙ্গে সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিত কমিটির সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : July 06, 2026

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৬ জুলাই) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তারা সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাৎকালে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নেতারা সুপ্রিম কোর্টে কর্মরত আইনজীবীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা নিশ্চিত করতে একটি আধুনিক নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়টি আইনমন্ত্রীর কাছে তুলে ধরেন।

তারা বলেন, বিদ্যমান অবকাঠামো ক্রমবর্ধমান সংখ্যক আইনজীবীর প্রয়োজন মেটাতে যথেষ্ট নয়। তাই আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের জন্য উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে নতুন ভবন নির্মাণ অত্যন্ত জরুরি।

এ সময় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আইনজীবীদের দাবির যৌক্তিকতার প্রতি একমত পোষণ করেন।

মন্ত্রী বলেন, বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন এবং আইনজীবীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলোর একটি। এ লক্ষ্যে সুপ্রিম কোর্টের আইনজীবীদের জন্য নতুন ভবন নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সাক্ষাৎকালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ.এম. মাহবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ মো. জিয়াউর রহমান, সহ-সম্পাদক মোহাম্মদ সামসুল ইসলাম (মুকুল) ও মাকসুদ উল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য এইচ.এম. সানজিদ সিদ্দিক, এ.কে.এম. আজাদ হোসেন, মিসেস ওয়াহিদা আফরোজ চৌধুরী, মো. কবির হোসাইন, মো. জিয়া উদ্দিন মিয়া, মো. টিপু সুলতান এবং আজিজ উদ্দিন পাটোয়ারী উপস্থিত ছিলেন।

সাক্ষাৎটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন, আইনজীবীদের পেশাগত পরিবেশের উন্নয়ন এবং বিচারপ্রার্থীদের আরও উন্নত সেবা নিশ্চিত করতে সরকার ও আইনজীবী সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

 

Share This