পদত্যাগের ঘোষণা জয় চৌধুরীর

পদত্যাগের ঘোষণা জয় চৌধুরীর

বিনোদন ডেস্ক : November 17, 2026

চলচ্চিত্রের ১৯টি সংগঠনের সমন্বয়ে গঠিত সম্মিলিত প্ল্যাটফর্মের মুখপাত্রের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। প্ল্যাটফর্মটির আহ্বায়ক হেলাল খানের নেতৃত্বে কাজ করতে অনিচ্ছা প্রকাশ করে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানান জয়। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয়ের অভিযোগ, হেলাল খান নিজেই শিল্পীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এ ছাড়া তার সামনেই হেলাল খানের সহযোগী হিসেবে পরিচয় দেওয়া বহিরাগতরা শিল্পীদের মারধরের হুমকি ও গালাগাল করেছেন। এমনকি চলচ্চিত্র শিল্পী সমিতি ভেঙে দেওয়া এবং এর সদস্যদের এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরে জয় চৌধুরী বলেন, ‘যে নেতা একজন শিল্পী হয়ে শিল্পীদের অসম্মান করেন, যে নেতার কাছে কর্মীরা নিরাপদ নয়, সেই নেতার নেতৃত্বে থাকতে চাই না।’

এদিকে এ বিরোধের সূত্রপাত হয় সম্প্রতি এফডিসিতে আয়োজিত একটি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে জয়ের অংশ না নেওয়াকে কেন্দ্র করে। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে জয় ও শিল্পী সমিতির কয়েকজন সদস্যের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হেলাল খান। পরে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর চলচ্চিত্র অঙ্গনে এ নিয়ে আলোচনা শুরু হয়। চলচ্চিত্রের ১৯টি সংগঠন নিয়ে গঠিত সম্মিলিত প্ল্যাটফর্মটির আহ্বায়ক হেলাল খান, সদস্যসচিব শিল্পী সমিতির সভাপতি শিবা শানু এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন জয় চৌধুরী। এবার সেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন তিনি।

Share This