আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান

আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক : August 17, 2026

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও সাবেক গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবির পুরোপুরি জালিম সংগঠনে পরিণত হয়েছে। তার দাবি, আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত।

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।

ফেসবুক পোস্টে তিনি বলেন, পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছে, জামায়াত-শিবির পুরোপুরি জালিম সংগঠনে পরিণত হয়েছে। কুষ্টিয়ায় গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের রক্তাক্ত করে আজকে আবার দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পেশিশক্তির মহড়া দিয়েছে জামায়াত-শিবির।

জামায়াত আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে দাবি করে রাশেদ খান বলেন, অতীতে আমরা বিরোধীদলকে সবসময় মজলুম ও বিনয়ী হিসেবে দেখেছি। কিন্তু প্রধান বিরোধীদল হয়েই আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত। এরা ভবিষ্যতে ক্ষমতায় গেলে ভিন্নমতকে ন্যূনতম স্পেস দেবে না।

এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য গণ অধিকার পরিষদকে ধন্যবাদ জানান রাশেদ খান। তিনি বলেন, বিশেষ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনকে ধন্যবাদ জানাই যে, তারা গণঅধিকার পরিষদকে যারা জামায়াতমুখী করতে চেয়েছিল, সেসব নেতাদের বিষয়ে সতর্কতা অবলম্বন করছে।

দল হিসেবে জামায়াত ও তাদের সেক্রেটারি জেনারেল গণ-অধিকার পরিষদকে নিয়ে আজ জঘন্য বক্তব্য দিয়েছে বলে দাবি করেন রাশেদ খান। এ বক্তব্যের প্রতিবাদও জানান তিনি।

রাশেদ খান বলেন, এই দেশের গণতান্ত্রিক সংগ্রাম ও ফ্যাসিবাদের পতনে দল হিসেবে জামায়াতের তুলনায় গণ অধিকার পরিষদের অবদান বেশি। জামায়াত যখন গুপ্ত ছিলো, গণ অধিকার পরিষদ তখন রাজপথে ছিলো। কিন্তু আজকে তাদের আস্ফালন দেখে মনে হচ্ছে, তারাই সব করেছে! কিন্তু ইতিহাস তো বদলানো যায় না।

Share This