তিন দিনের সরকারি সফরে নেপাল গিয়ে সেদেশের সেনাবাহিনীর সম্মানসূচক ‘জেনারেল’ পদমর্যাদা পেয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ।
সোমবার (১৭ আগস্ট) কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল তার হাতে এই সম্মাননা তুলে দেন।ভারত ও নেপালি সেনাবাহিনীর মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ঐতিহ্য অনুযায়ী তাকে এই পদে ভূষিত করা হয়।
সফরকালে জেনারেল শেঠ নেপালি প্রতিপক্ষের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করবেন এবং নেপালি সেনাবাহিনীর সামরিক অভিযান মহাপরিচালকের কাছ থেকে গুরুত্বপূর্ণ কৌশলগত ব্রিফিং গ্রহণ করবেন।
কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার (১৮ আগস্ট) শিবাপুরির আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ কোর্সে বক্তব্য দেওয়া ও মতবিনিময়ের কথা রয়েছে তার। সফরের শেষ দিন, অর্থাৎ ১৯ আগস্ট তিনি পোখরায় প্রাক্তন সৈনিক সমাবেশে যোগ দিয়ে বীর নারী ও পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা জানাবেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই সফর দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ‘রোটি-বেটি কা রিশতা’ এবং গভীর সামরিক-সাংস্কৃতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
সফরের প্রথম দিনে কাঠমান্ডুতে নেপালী সেনা সদর দপ্তরে পৌঁছালে ভারতীয় সেনাপ্রধানকে আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এরপর তিনি টুন্ডিখেলের আর্মি প্যাভিলিয়নে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। দ্বিপক্ষীয় সামরিক ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করাই এই সফরের প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, ১৯৮৬ সালে আর্মার্ড কোরে কমিশন পাওয়া জেনারেল ধীরাজ শেঠ ২০২৬ সালের ৩০ জুন ভারতীয় সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন।