সাম্প্রতিক বাংলাদেশে ‘হিন্দু পরিবারকে’ লক্ষ্য করে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
শুক্রবারের ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে বাংলাদেশে ‘হিন্দু পরিবারকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু’ করার অভিযোগ এবং এ বিষয়ে বাংলাদেশের সরকারের পদক্ষেপ সম্পর্কে প্রশ্ন করা হয়।
জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের সরকারের দায়িত্ব। এ বিষয়ে বাংলাদেশ সরকারকে আরো কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে ব্রিফিংয়ে এক সাংবাদিক উল্লেখ করেন, বাংলাদেশে মানবিক সংকটের পাশাপাশি ‘হিন্দু পরিবারকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্য’ করে দুটি ঘটনা ঘটেছে এবং এসব ঘটনায় বাংলাদেশ সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের পরিস্থিতির ওপর ভারত নজর রাখছে।