চীনের সামরিক সহায়তায় ভারতের নিরাপত্তা উদ্বেগ

চীনের সামরিক সহায়তায় ভারতের নিরাপত্তা উদ্বেগ

আন্তজার্তিক ডেস্ক : November 22, 2026

পাকিস্তানের সামরিক সক্ষমতা বাড়াতে চীনের ক্রমবর্ধমান সহযোগিতা ভারতের নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। সম্ভাব্য ‘দ্বিমুখী’ নিরাপত্তা হুমকি মোকাবিলায় ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসীয় একটি কমিশন।

‘ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন’ (ইউএসসিসি) প্রকাশিত এক প্রতিবেদনে এ উদ্বেগ তুলে ধরা হয়েছে। ‘চায়নাস আদার ফ্রন্ট: ইন্ডিয়া অ্যান্ড দ্য ফিউচার অব ইউএস স্ট্র্যাটেজি ইন দ্য ইন্দো-প্যাসিফিক’ শীর্ষক অধ্যায়ে বলা হয়েছে, পাকিস্তানের প্রতি বেইজিংয়ের সামরিক সমর্থন বাড়তে থাকায় ভারতকে একই সঙ্গে দুই দিকের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি নিতে হচ্ছে।

প্রতিবেদনে ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতের উদাহরণ তুলে ধরা হয়েছে। জম্মু-কাশ্মীরের পহেলগামে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে।

ওই সংঘাতের অভিজ্ঞতা থেকে কমিশনের মূল্যায়ন, সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও সংকটের সময় পাকিস্তানকে সামরিক সহায়তা দিতে পারে চীন।

 

ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে কোনো সংঘাত তৈরি হলে চীনের এই ভূমিকা ভারতের সামরিক পরিকল্পনাকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছে কমিশন।

ফলে নয়াদিল্লিকে একই সঙ্গে পাকিস্তান ও চীনের সামরিক সক্ষমতা বিবেচনায় রেখে প্রতিরক্ষা কৌশল সাজাতে হতে পারে।

 

প্রতিবেদনে ভারতকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, বৃহত্তম গণতন্ত্র, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র এবং অন্যতম বৃহৎ সামরিক শক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। কমিশনের মতে, পশ্চিম প্রশান্ত মহাসাগর যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিদ্বন্দ্বিতার প্রধান ক্ষেত্র হলেও স্থল ও সমুদ্র—উভয় দিক থেকেই বেইজিংয়ের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে ভারত।

তবে চীনের সঙ্গে ভারতের প্রতিদ্বন্দ্বিতাকে শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়াদিল্লির ঘনিষ্ঠতার ফল হিসেবে দেখছে না কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, এ প্রতিদ্বন্দ্বিতার পেছনে রয়েছে ভারতের নিজস্ব কৌশলগত স্বার্থ এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার নীতি, যা কৌশলগত স্বায়ত্তশাসন হিসেবে পরিচিত।

চীনের আঞ্চলিক প্রভাব মোকাবিলা এবং ভারত-যুক্তরাষ্ট্রের সামরিক সমন্বয় বাড়াতে মার্কিন কংগ্রেসের প্রতিও সুপারিশ করেছে কমিশনটি। এতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানকে ভারতীয় সমকক্ষদের সঙ্গে সমন্বয় করে ভারত মহাসাগরজুড়ে সমুদ্রতল ও সামুদ্রিক কার্যক্রম পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহের সক্ষমতা বাড়ানোর নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে।

কমিশনের মতে, এ ধরনের সহযোগিতা বাড়ানো হলে ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের সামরিক তৎপরতা সম্পর্কে দুই দেশের নজরদারি ও তথ্য বিনিময়ের সক্ষমতা আরও শক্তিশালী হবে।

Share This