সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে ঋণ আদায়, বন্ধকী সম্পত্তি নিলাম এবং বিদেশ সফরের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে ব্যাংকটি।
সিটি ব্যাংকের ‘প্রতিবাদ ও ব্যাখ্যা’ শীর্ষক বিবৃতিতে বলা হয়, আলোচিত ঋণের পুরো প্রক্রিয়া প্রচলিত ব্যাংকিং নীতিমালা ও আইন অনুসরণ করে পরিচালিত হয়েছে। ২০১৬ সালে গ্রাহকের কয়েকটি প্রতিষ্ঠান ব্যাংকটি থেকে মোট ৫৫ কোটি ৭৬ লাখ টাকার ঋণসুবিধা নেয়। ২০২২ সালে ঋণটি অনিয়মিত হয়ে পড়লে গ্রাহককে ঋণ পুনঃতফসিলসহ বিভিন্ন সুযোগ দেওয়া হয়। তবে ২০২৪ সালে ঋণটি আবারও খেলাপি হয়ে পড়ে।
ব্যাংকটির দাবি, ঋণ পরিশোধে গ্রাহককে একাধিকবার সুযোগ দেওয়া হলেও তিনি তা কাজে লাগাননি। এমনকি ৪৫ কোটি টাকায় পুরো ঋণ সমন্বয়ের লিখিত অঙ্গীকার করেও তা বাস্তবায়ন করেননি। পরে ব্যাংকের পাওনা আদায় এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ঋণের বিপরীতে বন্ধক রাখা সম্পত্তি প্রচলিত অর্থঋণ আদালত আইন ও ব্যাংকের নীতিমালা অনুসরণ করে প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়। নিরপেক্ষ মূল্যায়নকারী প্রতিষ্ঠানের হিসাবে সম্পত্তিটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছিল ২২ কোটি ৮৫ লাখ টাকা। তাৎক্ষণিক বিক্রয়মূল্য ছিল ১৬ কোটি ৬৬ লাখ টাকা। তবে প্রতিযোগিতামূলক নিলামে সম্পত্তিটি ৩০ কোটি ২৫ লাখ টাকায় বিক্রি হয়।
সিটি ব্যাংকের ভাষ্য, নির্ধারিত বাজারমূল্যের চেয়ে প্রায় ৭ কোটি ৪০ লাখ টাকা বেশি দামে সম্পত্তি বিক্রি করে ব্যাংকের পাওনা আদায়ের চেষ্টা করা হয়েছে। ফলে এ প্রক্রিয়াকে কেন্দ্র করে ব্যক্তিগত অর্থ আত্মসাতের অভিযোগের কোনো ভিত্তি নেই। পুরো কার্যক্রম ছিল প্রাতিষ্ঠানিক ও আইনানুগ।
মাসরুর আরেফিনের বিদেশ সফর নিয়েও বিবৃতিতে ব্যাখ্যা দিয়েছে ব্যাংকটি। এতে বলা হয়, একটি আন্তর্জাতিক ব্যাংকের আমন্ত্রণে বৈশ্বিক সম্মেলনে বক্তা হিসেবে অংশ নিতে তিনি বিদেশ সফর করেন। পরবর্তী সময়ে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যও ছিল ওই সফরের অংশ। সফরটি পূর্বনির্ধারিত এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই সম্পন্ন করা হয়েছে বলে দাবি করেছে সিটি ব্যাংক।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান প্রসঙ্গে ব্যাংকটি জানায়, যেকোনো আইনানুগ অনুসন্ধানে তারা পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। তবে কোনো অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধানের জন্য কর্মকর্তা নিয়োগ এবং তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়া এক বিষয় নয়। চূড়ান্ত সিদ্ধান্তের আগে কাউকে অপরাধী হিসেবে উপস্থাপন করা উচিত নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
সিটি ব্যাংক কর্তৃপক্ষের দাবি, একটি প্রতিষ্ঠানের খেলাপি ঋণ আদায়ের নিয়মিত কার্যক্রমকে ব্যক্তিগত অর্থ আত্মসাতের ঘটনা হিসেবে উপস্থাপন করে ব্যাংকের ভাবমূর্তি ও ব্যবস্থাপনা পরিচালকের পেশাগত সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে।
ব্যাংকটি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতি প্রকাশিত তথ্য ও অভিযোগ যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আইনানুগ প্রক্রিয়া ও প্রামাণ্য নথির ভিত্তিতে বিষয়টি মূল্যায়নের ওপর গুরুত্ব দিয়েছে।