আঞ্চলিক এভিয়েশন হাব গড়তে কাজ করছে সরকার

আঞ্চলিক এভিয়েশন হাব গড়তে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক : October 28, 2026

বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম।

বুধবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে ৮ম আন্তর্জাতিক উড্ডয়ন সেমিনার-২৬ এর সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এসময়, প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, ‘বিমান চলাচল খাতের টেকসই উন্নয়নের প্রধান ভিত্তি হিসেবে বিমানবন্দর, টার্মিনাল ও এয়ার নেভিগেশন ব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর আধুনিকায়নে কাজ করছে সরকার।’

এসময়, দক্ষ জনবল গড়ে তোলা, মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সেমিনারে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান বলেন, ‘জীবন রক্ষা, মূল্যবান সম্পদের সুরক্ষা, অপারেশনাল প্রস্তুতি বজায় রাখা এবং বিমান চলাচল খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ফ্লাইট সেফটি একটি কৌশলগত দায়িত্ব।’

তিনি প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য শক্তিশালী উড্ডয়ন নিরাপত্তা সংস্কৃতি, পেশাগত শৃঙ্খলা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

এসময়, ভবিষ্যৎ উপযোগী ফ্লাইট সেফটি সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, দলগত কার্যক্রম ও সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে ২২টি দেশের সামরিক ও বেসামরিক বিমান চলাচল খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Share This