কক্সবাজার সদর উপজেলার জুমছড়ি এলাকায় কোস্ট গার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ অভিযানে প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে সদর থানাধীন জুমছড়ি সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে একটি তালাবদ্ধ ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের মাদক চোরাচালান ও মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক ও যৌথ অভিযান অব্যাহত রাখবে।