শেষ ওভারে উত্তেজনা। একের পর এক উইকেট হারিয়ে বাড়ছিল শঙ্কা। তবে শেষ হাসি হেসেছে বাংলাদেশই। নাটকীয় ম্যাচে আফগানিস্তান 'এ' দলকে ১ উইকেটে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ 'এ' দল।
শনিবার (২১ নভেম্বর) ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে আফগানিস্তান 'এ' দল। তবে শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ২৮ রানেই প্রথম উইকেট হারায় আফগানরা। হাসান ইসাখিলকে ফেরান রিপন মন্ডল। এরপর একই বোলারের শিকার হয়ে ফেরেন আরেক ওপেনার ইমরান মীর।
চাপে পড়ে আফগানিস্তান। তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন ব্যাটাররা। তবে সেই চেষ্টা থামান ইকবাল হোসেন ইমন। দলীয় ৬৬ রানে আব্দুল রসুলকে ফেরান তিনি। এরপর আবারও আঘাত হানেন রিপন মন্ডল। ৮৭ রানে ফয়সাল খানকে ফেরান তিনি। অধিনায়ক সাইফ হাসান জোড়া আঘাতে আফগানদের ঘুরে দাঁড়ানোর পথ কঠিন করে দেন। শেষদিকে ইমন ও মোহাম্মদ রুবেলের বোলিংয়ে দ্রুত গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস। ১৭৪ রানেই অলআউট হয় তারা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রিপন মন্ডল। সাইফ হাসান, মোহাম্মদ রুবেল ও ইকবাল হোসেন ইমন পান ২টি করে উইকেট।
১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দুর্দান্ত এক ক্যাচে শূন্য রানে ফেরেন অধিনায়ক সাইফ হাসান। তবে দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় দল। ইয়াসির আলী ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে আসে ৫৬ রানের জুটি।
৩৩ রান করে পারভেজ আউট হলে শুরু হয় বিপর্যয়। মাত্র ৩ রান যোগ করতেই আরও ৩ উইকেট হারায় বাংলাদেশ। ৮৬ রানে ২ উইকেট থেকে ৮৯ রানেই ৫ উইকেটে পরিণত হয় দলের স্কোর।
এমন কঠিন পরিস্থিতিতে হাল ধরেন অভিজ্ঞ সাব্বির রহমান ও সাইফউদ্দিন। দুজনের ব্যাটে আসে ৪৯ রানের গুরুত্বপূর্ণ জুটি। ২৮ রান করে সাব্বির ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন সাইফউদ্দিন।
তবে শেষদিকে আবারও চাপে পড়ে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল। ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় আফগানিস্তানের হাতে। তৈরি হয় বড় অঘটনের শঙ্কা।
কিন্তু শেষ হাসি বাংলাদেশের। স্নায়ুচাপের মুহূর্তে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন ইকবাল হোসেন ইমন। ৭ বলে ১ চার ও ১ ছক্কায় ১১ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ পর্যন্ত ১ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ 'এ' দল।