বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায় একটি গাছের চারা রোপণের মাধ্যমে এ অভিযানের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, বিভিন্ন সেনানিবাস এলাকায় মোট ১১ লাখ ৩৫ হাজার ৮৭০টি চারা রোপণ করা হবে। দেশের সব সেনানিবাসে শুধু বৃক্ষরোপণই নয়, পাশাপাশি এসব গাছ সংরক্ষণও করা হয়।
‘বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় দেশের সব সেনানিবাস, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকার উপযুক্ত স্থানে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের পাশাপাশি সৌন্দর্যবর্ধক বৃক্ষের চারা রোপণ করা হবে।
সেনাবাহিনীর এ বৃক্ষরোপণ কর্মসূচি চলতি বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে।
তিনি আরও বলেন, বনায়ন বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় সেনাবাহিনী প্রতিবছর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আসছে। এ বছরও এ ধরনের নানা উদ্যোগ নেওয়া হয়েছে।