নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নিহত ৯৫, নিখোঁজ ৪০৩

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নিহত ৯৫, নিখোঁজ ৪০৩

আন্তজার্তিক ডেস্ক : August 27, 2026

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো ৪০৩ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে ৩৪১ জনই বিদেশি নাগরিক। নিখোঁজদের বেশিরভাগই সীমান্তবর্তী মানসসরোবরের উদ্দেশে যাত্রা করছিলেন বলে জানিয়েছে নেপাল ট্যুরিজম বোর্ড।

নেপাল ট্যুরিজম বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজ ৪০৩ জনের মধ্যে ৬২ জন নেপালি এবং ৩৪১ জন বিদেশি নাগরিক। নিখোঁজদের মধ্যে ২০০ জন নারী ও ২০৩ জন পুরুষ। বিদেশি নাগরিকরা ২৬টি দেশের বলে ধারণা করা হচ্ছে।

নিখোঁজ পর্যটকদের মধ্যে ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন। দেশটির পর্যটন বোর্ড ট্যুর অপারেটরদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, নিখোঁজদের অধিকাংশই ভারত-নেপাল সীমান্তের কাছে মানসসরোবরের পথে ছিলেন।

বুধবার (২৬ আগস্ট) ভোরের দিকে নেপালের রাজধানী কাঠমাণ্ডুর উত্তরাঞ্চলীয় রসুয়া জেলায় এই প্রাকৃতিক বিপর্যয় ঘটে।

নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৯৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানিতে গভীর শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, প্রাণহানি ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতিতে পুরো জাতি স্তম্ভিত ও গভীরভাবে মর্মাহত।

প্রধানমন্ত্রী এই দুর্যোগকে ‘আকস্মিক’ ও ‘ব্যাপক’ হিসেবে উল্লেখ করে নিহতদের প্রতি শ্রদ্ধা এবং স্বজনহারা পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, উদ্ধার তৎপরতা শুরু করতে সরকার কোনো বিলম্ব না করে তাৎক্ষণিকভাবে সব ধরনের সরকারি সম্পদ ও জনবল কাজে লাগিয়েছে।

দুর্যোগের পর নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দলগুলো তৎপর রয়েছে। দুর্গম সীমান্তবর্তী এলাকায় প্রতিকূল পরিস্থিতির মধ্যেই উদ্ধার ও মরদেহ উদ্ধারের কাজ চলছে।

এদিকে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের গিরং এলাকায় ভূমিধসে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৬৫ জন নিখোঁজ রয়েছেন।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত ভূমিধসে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন ২৬৫ জন।

দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দল কাজ করছে বলে জানিয়েছে সিসিটিভি। 

Share This