সিন্ডিকেট ভাঙতে ৬৭ মামলা, ১৫ কোটির বেশি জরিমানা: বাণিজ্যমন্ত্রী

সিন্ডিকেট ভাঙতে ৬৭ মামলা, ১৫ কোটির বেশি জরিমানা: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : November 15, 2026

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ ও বাজারে প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে সিন্ডিকেট ও যোগসাজশের বিরুদ্ধে ৬৭টি মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। এসব মামলার মধ্যে আটটিতে আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে। এ ছাড়া গত ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ১০ হাজার ১৪৪টি বাজার অভিযানে ১৬ হাজার ৫২৯টি প্রতিষ্ঠানকে ১৫ কোটি ১২ লাখ ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের লিখিত জবাবে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনের তারকা চিহ্নিত প্রশ্নোত্তর পর্বে তিনি সরকারের বাজার নিয়ন্ত্রণ কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।

লিখিত জবাবে মন্ত্রী জানান, চালের বাজারে ২১টি, ভোজ্যতেলে ১০টি, ডিমে ১৮টি, ব্রয়লার মুরগিতে ছয়টি, আটা-ময়দায় আটটি, আলুতে তিনটি এবং পেঁয়াজের বাজারে একটি মামলা করা হয়েছে। এর মধ্যে চাল, তেল, ডিম ও মুরগির বাজারসংক্রান্ত আটটি মামলায় আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা টাস্কফোর্স নিয়মিত তদারকি করছে। ঢাকার বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে প্রতিদিন চারটি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে দুটি অভিযান পরিচালনা করা হচ্ছে।

নিম্নআয়ের মানুষের জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভর্তুকিমূল্যে চাল, সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি অব্যাহত রয়েছে। পাশাপাশি পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানিকারকদের প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়া হচ্ছে এবং উৎপাদন, আমদানি, মজুত ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী আরও জানান, বাজারে সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধে এমসিসিআই, এফবিসিসিআই, ডিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সচেতনতামূলক সভা করা হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনাকে সিন্ডিকেটমুক্ত করতে সরকার এসব কার্যক্রম অব্যাহত রাখবে।

Share This