নৌবাহিনীর ৪০ সদস্যকে শান্তিকালীন পদক প্রদান

নৌবাহিনীর ৪০ সদস্যকে শান্তিকালীন পদক প্রদান

নিজস্ব প্রতিবেদক : November 23, 2026

বীরত্ব, সাহসিকতা, পেশাগত দক্ষতা ও দায়িত্ব পালনে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ নৌবাহিনীর ৪০ সদস্যকে শান্তিকালীন পদক প্রদান করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) নৌবাহিনী সদর দপ্তরের সাগরিকা হলে আয়োজিত অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম পদকপ্রাপ্ত সদস্যদের হাতে পদক তুলে দেন। অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পদকপ্রাপ্ত সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এবার পদকপ্রাপ্তদের মধ্যে ৩ জন নৌবাহিনী পদক (এনবিপি), ৫ জন অসামান্য সেবা পদক (ওএসপি), ৫ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি), ৭ জন নৌ গৌরব পদক (এনজিপি), ১০ জন নৌ উৎকর্ষ পদক (এনইউপি) এবং ১০ জন নৌ পারদর্শিতা পদক (এনপিপি) অর্জন করেন।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান পদকপ্রাপ্ত সদস্যদের পেশাগত নিষ্ঠা, কর্মদক্ষতা, সাহসিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। তিনি দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং যেকোনো সংকট মোকাবিলায় নৌবাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

নৌবাহিনী প্রধান আশা প্রকাশ করেন, এ ধরনের স্বীকৃতি সদস্যদের কর্মস্পৃহা ও মনোবল বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আরও আন্তরিকতা ও উদ্দীপনার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে।

উল্লেখ্য, নৌবাহিনীর সদস্যদের অসামান্য অবদান, পেশাগত উৎকর্ষ, দায়িত্বনিষ্ঠা ও দেশসেবায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর শান্তিকালীন পদক প্রদান করা হয়।

Share This