মোহাম্মদপুর থেকে জাল টাকা ও জাল টাকা তৈরির মেশিনসহ মো. সজিব হোসেন (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-৪।
সোমবার (১৮ মে) মোহাম্মদপুরের হাউজিং সোসাইটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮ হাজার ৯০০ টাকার জাল নোট, একটি ল্যাপটপ ও জাল টাকা তৈরির মেশিন জব্দ করা হয়।
র্যাব-৪ জানিয়েছে, তিনি একজন পেশাদার জাল টাকা তৈরিকারক ও ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি ঢাকা মহানগরীর মোহাম্মদপুরের হাউজিং সোসাইটি এলাকার একটি বাড়িতে জাল টাকা তৈরির মেশিন ব্যবহার করে জাল টাকা তৈরি করে আসছিলেন। ফেসবুকের মাধ্যমে পরিচিত বরিশালের চৌমাথা এলাকার এক ব্যক্তির কাছ থেকে জাল টাকা প্রিন্টের পিডিএফ কপি সংগ্রহ করতেন তিনি।
সারা বছরই তিনি খোলা বাজারে জাল টাকা সরবরাহ করতেন। তবে বিশেষ করে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে অধিক পরিমাণে নগদ টাকার লেনদেন হয় বিধায় তিনি এ সুযোগ গ্রহণ করেন। এরই মধ্যে তিনি চট্টগ্রাম ও সাভারসহ দেশের বিভিন্ন এলাকায় বিপুল জাল নোট সরবরাহ করেছেন।
র্যাব আরও জানিয়েছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তের জাল নোট সরবরাহকারী ও ডিলারদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। এছাড়াও গ্রেফতার ব্যক্তি জাল নোট তৈরি ও সরবরাহের অপরাধে ২০২৪ সালে র্যাব-২-এর হাতে গ্রেফতার হয়েছিলেন।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।