অসুস্থ শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিল কোস্ট গার্ড

অসুস্থ শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিল কোস্ট গার্ড

চাঁদপুর প্রতিনিধি : June 13, 2026

কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক শিশুকে দ্রুত চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (১৩ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ১১টায় এক নারী তার ১৪ মাস বয়সী কন্যা শিশুকে নিয়ে বরিশাল থেকে ‘কর্ণফুলী-১০’ নামের যাত্রীবাহী লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। লঞ্চটি দুপুর ১টা ৩০ মিনিটের দিকে চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

এ অবস্থায় শিশুটির মা কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান।

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিক্যাল টিম দ্রুত চাঁদপুর লঞ্চঘাটে পৌঁছে অসুস্থ শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে কোস্ট গার্ডের নিজস্ব গাড়িতে করে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, দেশের উপকূলীয় ও নদীবন্দর এলাকায় মানবিক সেবা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্যে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

Share This