দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে সোস্যাল জাস্টিস ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, দেশের সবচেয়ে বড় সংকট অর্থের নয়, নৈতিকতার। সম্পদের নয়, সততার। নেতৃত্বের নয়, বরং নেতৃত্বের ভেতরে নৈতিকতার সংকটই আজ সবচেয়ে বড় সমস্যা।
তিনি অভিযোগ করে বলেন, দুর্নীতি দমন কমিশনকে (দুদক) রাজনৈতিক প্রভাবমুক্ত ও সম্পূর্ণ স্বাধীন প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এ দাবিতে বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে শুধু আইন প্রণয়নই যথেষ্ট নয়; ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র—সব স্তরে দেশপ্রেম ও নৈতিকতার জাগরণ প্রয়োজন। ব্যক্তি পরিবর্তিত হলে পরিবার বদলাবে, পরিবার বদলালে সমাজ এবং সমাজ বদলালে রাষ্ট্রও পরিবর্তিত হবে।
সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, সন্তানদের মধ্যে দেশপ্রেম, সততা ও মানবিকতার শিক্ষা নিশ্চিত করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং দুর্নীতিবাজদের প্রতি সামাজিকভাবে ঘৃণা ও বর্জনের সংস্কৃতি প্রতিষ্ঠারও আহ্বান জানান তিনি।
তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সব নাগরিকের স্বনামে-বেনামে থাকা সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশের বিধান দ্রুত কার্যকর করার দাবি জানান। একই সঙ্গে দলীয় প্রভাবমুক্ত, সৎ, সাহসী ও দেশপ্রেমিক মানুষদের জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি স্বৈরশাসনমুক্ত ও সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান।
সোস্যাল জাস্টিস ফোরামের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ শোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাবেক সচিব কাসেম মাসুদ, উনসত্তরের গণঅভ্যুত্থানের ছাত্রনেতা নজরুল ইসলাম খান, খান মজলিস, জাতীয় তরুণ সংঘের সভাপতি ফজলুল হক, অধ্যাপক ড. ক্যাপ্টেন রেজা, সিনিয়র অ্যাডভোকেট মইনুদ্দীন, অ্যাডভোকেট জিয়াউর রহমান, প্রিন্সিপাল এম আর করিম, আক্তার হোসেন, আবু আহাদ নূর ও খান এ রায়হানসহ অন্যান্যরা