ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার বলেছেন যে, ইরান কখনোই হুমকি ও চাপের কাছে নতি স্বীকার করবে না। ইরান একদিকে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অন্যদিকে, এই সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে তিনি এ কথা বলেন।
পেজেশকিয়ান বলেন, ‘ইরানের জনগণ তাদের মর্যাদা, স্বাধীনতা বা ভৌগোলিক অখণ্ডতার ওপর কোনো ধরনের আঘাতের কাছে কখনো আত্মসমর্পণ করবে না।’
তিনি অভিযোগ করেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে পরিণতি সম্পর্কে ভুল হিসাব কষেছিল।
তার ভাষায়, ‘যারা ইরানের ওপর চাপ সৃষ্টি ও অস্থিতিশীলতা তৈরির নীতি গ্রহণ করেছিল, তারা ভেবেছিল এসব পদক্ষেপ খুব দ্রুত ইরানি জনগণের মনোবল ভেঙে দেবে। কিন্তু জনগণের সচেতন ও কার্যকর উপস্থিতি তাদের সব হিসাব-নিকাশ ব্যর্থ করে দিয়েছে এবং প্রমাণ করেছে যে জনগণের সমর্থনই ইরানের নিরাপত্তা ও অগ্রগতির সবচেয়ে বড় ভিত্তি।’
পেজেশকিয়ান বলেন, যুদ্ধও নয়, শান্তিও নয়—এমন একটি পরিস্থিতি কারও জন্যই ভালো নয়। তবে তিনি যোগ করেন,
‘যুদ্ধ অবশ্যই দেশের স্বার্থে নয়, কিন্তু কেউ যদি ইরানের মর্যাদা, ভূখণ্ড বা সার্বভৌমত্ব লঙ্ঘন করতে চায়, তাহলে আমরা কখনো আত্মসমর্পণ করব না বা পিছিয়ে যাব না। তারা শুধু এমন কিছুর স্বপ্নই দেখতে পারে। এ বিষয়ে আমরা কোনো আপস করব না ‘